পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আংশিকভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ঈদের দিন শুল্ক স্টেশনগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সোমবার জারি করা এক নির্দেশনায় এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও ঈদের ছুটির দিনগুলোতেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও কমিশনারেটগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।
এনবিআর বলছে, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকলে বাণিজ্য কার্যক্রমে স্থবিরতা তৈরি হবে না এবং সরবরাহ ব্যবস্থাও সচল থাকবে।
Mily








