ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

খালাস শেষ হবে আজ

পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে পার্বতীপুরে

জনকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০০:৪২, ১১ মার্চ ২০২৬

পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে পার্বতীপুরে

পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনো’ মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছাচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ৩টা ২০ মিনিট থেকে ভারত থেকে আসা ডিজেল পাম্পিং প্রক্রিয়া শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই ৫,০০০ টন ডিজেল সম্পূর্ণ খালাস করতে প্রায় ৪৪ ঘণ্টা সময় লাগবে।
বিপিসির কর্মকর্তারা জানান, পার্বতীপুর ডিপোতে প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন তেল পাম্পিং করা সম্ভব। সেই হিসেবে, ভারত থেকে আসা এই তেলের চালানের পাম্পিং শেষ হতে বুধবার সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেতে পারে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেল থেকে পাইপলাইনে করে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত এই মৈত্রী পাইপলাইনটি প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। এই বিশেষ পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়ে থাকে।
২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই আন্তঃদেশীয় পাইপলাইনটির উদ্বোধন করা হয়। বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনটির।
সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা জানান, পাইপলাইনটি চালুর আগে ২০১৬ সাল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে রেল ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আনা হতো। তবে পাইপলাইন চালু হওয়ার ফলে পরিবহন সময় ও ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
বিদ্যমান চুক্তি অনুযায়ী, এই পাইপলাইন ব্যবহার করে প্রতি বছর ১.৮০ লাখ টন ডিজেল সরবরাহ করবে ভারত। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশকে ১.২০ লাখ লিটার তেল দেওয়ার বিষয়টিও চুক্তিতে উল্লেখ রয়েছে। এদিকে, গত রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, সেই বৈঠকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিনির্ভর উত্তরের আট জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি সই হয়।
রাজনৈতিক কর্মসূচিতে রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে ভারতের আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়।
চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অংক ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে। আগামী চার মাসের মধ্যে একই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।
পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী দেশটি ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।

প্যানেল হু

×