ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অর্থসংকটের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বাড়বে?

প্রকাশিত: ১৪:২২, ১১ মার্চ ২০২৬

অর্থসংকটের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বাড়বে?

সরকার নতুন পে স্কেল বাস্তবায়নে ধীরে ধীরে এগোচ্ছে। আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, আর সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার ওপর পৌঁছেছে। এই অবস্থায় নতুন বেতনকাঠামো একসাথে পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে বাস্তবায়নের নীতি বেছে নেওয়া হয়েছে।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে, এরপর বাজেট অধিবেশন শুরু হবে। অর্থ বিভাগের কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে করা হতে পারে। ইতিমধ্যে পে কমিশনের সুপারিশ এবং প্রতিবেদন রিভিউ করার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ দেখে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নির্ধারণ করা হবে। বর্তমানে দেশের ট্যাক্স আয় ও জিডিপি অনুপাত খুব কম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, আর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবও অর্থনীতিতে পড়েছে। তাই সরকার সময় নিয়ে পরিকল্পনা করে ধাপে ধাপে পে স্কেল কার্যকর করবে, যাতে সরকারি কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

আগামী অর্থবছর ২০২৬-২৭ এ প্রস্তাবিত নবম পে স্কেল রিভিউ করা হতে পারে। বেতন কমিশন পূর্বে ২১ সদস্য নিয়ে গঠন করা হয়েছিল, প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যা সরকারের হাতে রয়েছে। এখন তা পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ.এইচ

×