বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে এসেছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুপুর ২টা ১৫ মিনিটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাংলাদেশ দলের খেলা উপভোগ করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টস বক্সে রয়েছেন।
ম্যাচে টস জিতে বাংলাদেশ আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে দুই দলই গুরুত্বপূর্ণ মনে করছে। টাইগাররা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর ৯৯ দিনের বিরতি শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তারা নতুন উদ্যমে মাঠে নেমেছে।
বাংলাদেশের জন্য ওয়ানডে র্যাংকিংয়ের সেরা নয়ের মধ্যে জায়গা করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পান এই সেরা আট দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া স্বাগতিক হিসেবে অংশ নেবে, আর বাংলাদেশের লক্ষ্য হচ্ছে ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন।
দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস তৈরি করা হবে, যা আগামী বিশ্বকাপে কাজে আসবে। ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি ৩৯টি ওয়ানডে খেলেছে; বাংলাদেশ জিতেছে ৫টি, পাকিস্তান ৩৪টি। বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালের সিরিজে।
এ.এইচ








