ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ফেডকাপে ফের পয়েন্ট খোয়াল আবাহনী

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:১১, ১০ মার্চ ২০২৬

ফেডকাপে ফের পয়েন্ট খোয়াল আবাহনী

গোলের পর আবাহনীর শেখ মোরসালিনের (জার্সি-৭) সতীর্থদের সঙ্গে উদ্যাপন

বাংলাদেশ ফুটবল লিগের মতো ফেডারেশন কাপেও সময়টা ভাল যাচ্ছে না আবাহনীর। আগের ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে যাওয়া আকাশী হলুদরা মঙ্গলবার পয়েন্ট খোয়াল রহমতগঞ্জের কাছে ১-১ গোলে ড্র করে। তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দুইয়ে অবস্থান করছে বর্তমান রানার্সআপ দলটি। শীর্ষে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সাত। আবাহনীর ড্রয়ের দিনে ব্রাদার্স ৩-০ গোলে হারিয়েছে পিডব্লুডিকে। কুমিল্লায় আবাহনী পিছিয়ে পড়ে পেনাল্টি গোলে সমতা এনে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ঘানার আরনেস্ট বোয়েটেংয়ের গোলে ম্যাচের নয় মিনিটে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ।

আবাহনী পেনাল্টি পায় বিরতির বাঁশির একটু আগে। শেখ মোরসালিনের গোলে ড্রয়ের স্বস্তি আসে আবাহনী শিবিরে। দ্বিতীয়ার্ধে কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধের ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে ব্রাদার্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন পাকিস্তানি সায়াক দস্ত। ১২ ও ৫৮ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার। অন্য গোলটি করেন স্পেনের ইব্রাহিমা ব্যারি। এ জয়ে কোয়ালিফায়ার্সে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো কমলা জার্সিধারীদের।

প্যানেল হু

×