দীর্ঘদিন দেশের বাইরে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ইফতার অনুষ্ঠানে তিনি জানান, ইনশা আল্লাহ দ্রুত বাংলাদেশে ফিরবেন।
সাকিব শেষবার ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে খেলেছিলেন। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি বিদেশেই অবস্থান করছেন। মাগুরা-১ আসন থেকে জাতীয় সংসদে জয়লাভ করার পর জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে একটি হত্যা মামলা রয়েছে। এ কারণে দেশে ফেরার সময়সীমা অনিশ্চিত ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিরপরাধ প্রমাণিত হলে সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাঠে খেলতে পারবেন। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আইনগত বিষয়গুলো মোকাবিলা করে নিরপরাধ প্রমাণিত হলে তাদের স্বাগত জানানো হবে।
এ.এইচ








