ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আলোচনায় ৪ জ্যেষ্ঠ নেতা, কে হচ্ছেন সরকারি দলের সংসদ উপনেতা?

প্রকাশিত: ১৭:৫২, ১১ মার্চ ২০২৬

আলোচনায় ৪ জ্যেষ্ঠ নেতা, কে হচ্ছেন সরকারি দলের সংসদ উপনেতা?

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ উপনেতা কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। আগামীকাল ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনের আগেই এ বিষয়টি নজরে এসেছে।

সংসদীয় রীতি অনুযায়ী, সংসদ নেতা হন প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে সংসদ উপনেতা সংসদের কার্যক্রম পরিচালনা করেন। মন্ত্রী পদমর্যাদার এই পদে সংসদে আলাদা অফিস ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যায়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চারজন সিনিয়র নেতার নাম এ পদে আলোচনায় রয়েছে। তারা হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমান। এর মধ্যে প্রথম তিনজন এবার নির্বাচিত সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। ফলে সংসদ উপনেতা পদে তাদের নামই বেশি শোনা যাচ্ছে।

সেলিমা রহমানের নামও আলোচনা তালিকায় থাকলেও, সরাসরি নির্বাচিত এমপি নন বলে তাকে প্রথমে সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে সংসদে আসতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধানে সরাসরি সংসদ উপনেতা নির্বাচনের বিধান নেই। তবে অতীতে এই পদে নিয়োগের নজির রয়েছে এবং দলের ভেতরে এ পদটির প্রয়োজনীয়তাও রয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ উপনেতা—এই তিনটি পদ নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। শেষ সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করবে।

জাতীয় সংসদ ভবনে বুধবার সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রাখা হয়েছে। বৈঠকের পর চিফ হুইপ নূরুল ইসলাম জানান, আগামীকাল অধিবেশনের শুরুতে স্পিকারের চেয়ার খালি থাকবে এবং একজন জ্যেষ্ঠ নেতা সংসদ সভার সভাপতিত্বের জন্য প্রস্তাবিত হবেন।

Mily

×