ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

প্রকাশিত: ১৯:০৮, ১১ মার্চ ২০২৬

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেওয়া হলেও জামায়াতে ইসলামী সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আজ বুধবার সংসদে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে জামায়াত ও সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের পর দলটির আমির শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কেবল একটি পদের লোভে নেই, বরং ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সংস্কারের একটি ‘প্যাকেজ’ সমাধান চান।

জামায়াত আমির সাংবাদিকদের বলেন, জুলাই যোদ্ধাদের মূল লক্ষ্য ছিল সুবিচার ও বৈষম্যহীন সমাজ। এই লক্ষ্যের ভিত্তিতেই একটি ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছে, যেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত। তবে শফিকুর রহমান পিস মিল বা খণ্ডিত কোনো সমাধান প্রত্যাখ্যান করে বলেন, আমরা কেবল একটি পদ চাই না, আমরা চাই পুরো প্যাকেজটির বাস্তবায়ন। সরকার যোগাযোগ করেছে ঠিকই, কিন্তু আমরা চাই জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো হুবহু মেনে নিয়ে বিরোধী দলের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক।

বিরোধী দলের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য—উভয় পদের শপথ নিলেও সরকারি দল এখনো প্রথম শপথটি নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, চব্বিশের বিপ্লবকে অগ্রাহ্য করে ছাব্বিশের সংসদ অস্তিত্বশীল হতে পারে না। দেশের ৬৯ ভাগ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, যা অমান্য করার কোনো সুযোগ নেই। এই রায়কে ধারণ করেই বিরোধী দল সংসদে তাদের ভূমিকা পালন করবে।

আগামীকাল সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াতের ভূমিকা ‘সূর্য ওঠার মতোই দৃশ্যমান’ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। ২০২৬ সালের এই বিশেষ সংসদ যে চব্বিশের ছাত্র-জনতার ত্যাগের ফসল, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, সংস্কার ও সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক এবং দুটি ফলাফলই অবিচ্ছেদ্যভাবে মেনে নিতে হবে।

এফএ

×