ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইসলামপুরে দুই পোল্ট্রি খামারে চুরি, দিশেহারা খামারিরা

সৈয়দ এনামুর রকিব, জামালপুর

প্রকাশিত: ২০:২৯, ১১ মার্চ ২০২৬

ইসলামপুরে দুই পোল্ট্রি খামারে চুরি, দিশেহারা খামারিরা

ছবি: জনকণ্ঠ

জামালপুরের ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী গ্রামে পোল্ট্রি খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা পৃথক দুটি খামারের তালা ভেঙে পানির মোটর চুরি করে নিয়ে যায়। এতে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন স্থানীয় খামারিরা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী গ্রামের ‘জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম’ এবং ‘রহমান পোল্ট্রি ফার্মে’ এই চুরির ঘটনা ঘটে। রাত ১০টায় কাজ শেষ করে কর্মচারীরা ঘুমাতে যান। সেহরির সময় জুনাইন সাইয়ারা ফার্মের কর্মচারী সহিজল খামারে গিয়ে দেখেন, চোরেরা তালা ভেঙে মোটর নিয়ে গেছে। এর কিছুক্ষণ পর পাশের রহমান পোল্ট্রি ফার্মের কর্মচারী দুদু মিয়াও তার খামারে একই চুরির খবর জানান।

রহমান পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোঃ আজিজুর রহমান বিএসসি জানান, ৫-৬ মাস আগেও তার খামারে একই চুরির ঘটনা ঘটেছিল। তিনি আক্ষেপ করে বলেন, একদিকে ডিমের বাজারে দরপতনে লোকসান হচ্ছে, অন্যদিকে বারবার চুরির উপদ্রবে খামারিদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোর চক্র ইসলামপুরের মণ্ডলবাড়ী এলাকার কিছু ইলেকট্রনিক্স দোকানে এসব চুরিকৃত মোটর কম দামে বিক্রি করে। সাবেক কাউন্সিলর মোঃ ফজলুর রশীদ বলেন, এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এলাকায় চুরির ঘটনা আরও বাড়বে।

সচেতন মহল মনে করেন, অতিদ্রুত চোরদের শনাক্ত করে দায়ীদের আইনের আওতায় না আনলে জনমনে অসন্তোষ বিরাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

শহীদ

×