ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সাটুরিয়ায় স্বর্ণের দোকানে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১১ মার্চ ২০২৬

সাটুরিয়ায় স্বর্ণের দোকানে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদর বাজারের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) ভোরে সদর বাজারে গঙ্গাধর সূত্রধরের স্বর্ণালঙ্কারের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক গঙ্গাধর সূত্রধর জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের দরজা ভাঙা এবং ভেতরে স্বর্ণ-রুপা রাখার সিন্দুকের তালাও ভাঙা অবস্থায় রয়েছে। পরে দোকানের ভেতরে ঢুকে তিনি দেখতে পান দোকানে থাকা প্রায় ১০ আনা স্বর্ণ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ১০ ভরি রুপার অলঙ্কার যার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা এবং নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।এ ঘটনায় দোকান মালিক উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সম্প্রতি বাজার এলাকায় চুরি-ছিনতাইয়ের আশঙ্কা বেড়েছে। তাই ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় বাজার এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান তারা।

×