মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়ায় ফেরি থেকে যানবাহন আনলোড করার সময় ব্রেক ফেল করে পণ্যবাহী একটি ট্রাক নদীতে নিমজ্জিত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
পাটুরিয়া নৌ-থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিআইডব্লিউটিসির রোরো ফেরি ‘শাহ-মুখদুম’ রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভিড়ে। ফেরি থেকে পর্যায়ক্রমে যানবাহনগুলো খাড়া ঢালু পথে নামছিল। এ সময় একটি পণ্যবাহী ট্রাকের হঠাৎ ব্রেক ফেল করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছুটে গিয়ে নদীতে নিমজ্জিত হয়।
খবর পেয়ে পাটুরিয়া স্থল ও নদী বন্দরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় নদীতে নিমজ্জিত ট্রাকটির চালক শরিফুল ইসলাম (৪০)-কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাটুরিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আশরাফুল জানান, ঘটনাস্থলে তাদের ডুবুরি দল উপস্থিত থাকায় দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ট্রাক চালককে জীবিত উদ্ধার করা গেছে।
রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত নিমজ্জিত ট্রাকটি উদ্ধারের বিষয়ে প্রস্তুতি চলছিল বলে ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে।
রাজু








