নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৯টি চোরাই গরু উদ্ধার সহ আন্তঃজেলা গরু চোর চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(১১ মার্চ) মধ্যরাতে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাশ কানাইকাটা ও তরুনীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাশ কানাইকাটা এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে সুজন ইসলাম(২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ভোরের দিকে পলাশবাড়ি ব্রাহ্মণপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে আব্দুল আজিজ খানের গোয়াল ঘর থেকে চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি হয়। উক্ত ঘটনায় আব্দুল আজিজ খান নীলফামারী সদর থানায় মামলা দায়ের করেন। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সার্বিক তত্ববধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, সদর সার্কেল ফারুক আহমেদ ও সদর থানা পুলিশ অভিযান শুরু করে। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উক্ত আসামীর বাড়িতে অভিযান চালিয়ে বাদির একটি গরু সহ আরও তিনটি গরু উদ্ধার করা হয়। পরে আসামী সুজনের তথ্যে তার সহযোগী তরুনীবাড়ি গ্রামের মোস্তাকিনের বাড়িতে অভিযান চালিয়ে বাদির দুইটি গরু সহ ৬টি গরু উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোস্তাকিন পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, বুধবার মধ্য রাতে অভিযান চালিয়ে ৯টি চোরাই গরু উদ্ধার করা করা হয়। আসামী সুজনকে আদালতে নেয়া হলে ১৬৪ ধারায় জবানবন্দি সে ও তার সহযোগীরা মিলে ৯টি গরু চুরি করেছে। পরে আদালতে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। ওসি বলেন, চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।








