নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
বুধবার (১১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। হোলি উৎসবে অতিরিক্তি মদপানে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি আব্দুল করিম।
এ ঘটনায় অসুস্থ বাকিরা হলেন- আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুনিলের ছেলে অনিল (১৮), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১)।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ওই গ্রামে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এসময় সেখানে মদপান করেন চার বন্ধু। একপর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টার দিকে নাঈমের মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, হোলি উৎসবে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আরও তিনজন চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিমিয়া








