ছবি: জনকণ্ঠ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন আব্দুল মালেক (৪২), দৌলতখান উপজেলা সৈয়দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে, ও মোঃ সোহেল (৪০), চৌদ্দগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বারেক মুন্সির ছেলে।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রাতে সোনারগাঁ থানাধীন এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শহীদ








