নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহাইল ইসলাম ইফতি নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন যুবশক্তির এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলন্ত ইজিবাইকে ছিনতাইকারীদের হামলায় আহত হন তিনি।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সংগঠক সোহাইল ইসলাম ইফতি জানান, রাতে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে শিবু মার্কেট থেকে লিংক রোড দিয়ে তিনি সাইনবোর্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম অতিক্রম করার পর যাত্রীবেশে দুইজন ছিনতাইকারী ইজিবাইকে উঠে সুইচ গিয়ার ও চাকু বের করে তাকে জিম্মি করে। সাথে কি আছে বের করে দেয়ার জন্য ভয়ভীতি দেখায়।
এক পর্যায়ে তারা ইফতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার চেষ্টা করে। এসময় ডান হাতে কয়েকটি ছুরিকাঘাত করে সাথে থাকা মোবাইল ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তখন ইজিবাইক থেকে সড়কে লাফিয়ে পড়ে দৌড়ে প্রাণে রক্ষা পান তিনি।
ইফতি বলেন, ওই সময় সহযোগিতার জন্য চিৎকার করেও সড়কের আশপাশে কাউকে পাইনি। এরপর বন্ধুদের খবর দিয়ে তাদের সহযোগিতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।
তিনি আরও বলেন, মাত্র দুদিন আগেও নমপার্কের একশ গজ দূরে জনতার গণধোলাইয়ে একজন ছিনতাইকারীর মৃত্যু হয়। এরপরও ছিনতাইকারীদের উপদ্রপ কমেনি। রাত একটু গভীর হলেই লিংক রোডটি ভয়ঙ্কর হয়ে উঠে। ছিনতাইকারীদের তৎপরতা শুরু হয়। তখন একা এ সড়ক দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জেলা কারাগার পর্যন্ত এলাকা জুড়ে ছিনতাইকারীদের খপ্পড়ে পড়ে অনেক পথচারী ও রিকশাযাত্রী সর্বশান্ত হয়। এ সড়কে পুলিশের টহল থাকলেও তেমন কোনো তৎপরতা নেই। ফলে এ সুযোগে ছিনতাইকারীরা অবাধে ছিনতাই করে থাকে। এ সড়কে এক সময় তিনটি চেকপোষ্ট স্থাপন করা হলেও বর্তমানে একটিও নেই। ফলে সড়কটি ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ হয়ে পড়ায় নানা অপরাধ বাড়ছে। অনতিবলম্বে এই সড়কে পুলিশের চেকপোস্ট স্থাপন সহ তৎপরতা বাড়ানোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আহত ব্যাক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্তসহ ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মিমিয়া








