ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

৬০ হাজার কোটি টাকার ঘাটতির মাঝেও নতুন পে স্কেল! কীভাবে হবে বাস্তবায়ন?

প্রকাশিত: ১৩:১১, ১১ মার্চ ২০২৬

৬০ হাজার কোটি টাকার ঘাটতির মাঝেও নতুন পে স্কেল! কীভাবে হবে বাস্তবায়ন?

সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ববাজারের সংকটের কারণে দেশের অর্থনীতি ততটা সুষ্ঠু নয়, আর রাজস্ব ঘাটতি এখন ৬০ হাজার কোটি টাকার ওপরে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো একসাথে পুরোপুরি চালু করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে নীতি অনুসারে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে, এরপর বাজেট অধিবেশন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগে যে নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে। ইতিমধ্যেই পে কমিশনের রিপোর্ট ও সুপারিশ আলোচনার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করার আগে সরকারের কাছে মোট বাজেট কতটা সম্ভব তা পরীক্ষা করে দেখতে হবে। দেশের ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও এখন সবচেয়ে খারাপ অবস্থায়, ফলে সিদ্ধান্ত নেবার আগে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হচ্ছে।

গত বছর প্রস্তাবিত ২১ সদস্যের পে কমিশন ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। যদিও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও দেনি, তবুও সামনে সংসদ অধিবেশনে বিষয়টি আলোচনার মাধ্যমে এগোতে পারে। সরকার চাইছে, অর্থসংকট ও মূল্যস্ফীতির মধ্যেও সরকারি চাকরিজীবীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ুক।

এ.এইচ

×