পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ডিগ্রি ফাজিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইউনুস আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপোনুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হিমেল, কুড়িগ্রাম দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা।
বক্তারা বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি জোরদার এবং দেশের কল্যাণে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এসময় তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক ও নিম্নআয়ের মানুষের সহায়তায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর মতো জনকল্যাণমুখী উদ্যোগের কথাও উল্লেখ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোস্তাফিজার রহমান মোস্তফা ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।








