নাটোরের সিংড়া উপজেলায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদ করা তেল সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টুলুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত মুনাফা লাভের আশায় টুলুর মোড় এলাকার ব্যবসায়ী আসাদ আলী তার দোকানে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তার দোকানে আকস্মিক অভিযান চালায়। এ সময় দোকানের ভেতর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার তেল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, এসব তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ব্যবসায়ী আসাদ আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জরিমানার পাশাপাশি মজুদ করে রাখা তেল সাধারণ ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না এই মর্মে ব্যবসায়ীর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজু








