ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নতুনভাবে তৌসিফ

আনন্দকণ্ঠ ফিচার

প্রকাশিত: ২১:৩৭, ১১ মার্চ ২০২৬

নতুনভাবে তৌসিফ

তৌসিফ মাহবুব

রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চক্র ২’–এর ফার্স্টলুক দেখে অনেকেই মন্তব্য, এআই দিয়ে তৈরি ছবি। তৌসিফ মাহবুব জানান, পুরোটাই বাস্তব, চরিত্রটির এই ফিটনেসের জন্য জিম থেকে ডায়েট সবই করতে হয়েছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয়ের পর তৌসিফ মাহবুব অনুভব করছিলেন, দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে আসা প্রয়োজন। নাটকের প্রথাগত ছাঁচ থেকে বের হতে চেয়েছিলেন। খুঁজতে থাকেন ভালো গল্প, তবে জুতসই হচ্ছিল না। 
অবেশেষ চক্রর গল্প শুনে মনে হয় এমন কিছুরই অপেক্ষায় ছিলেন। তৌসিফ বলেন, ‘নাটকের দর্শকেরা আমাকে একইভাবে দেখতে দেখতে আসলে একঘেয়ে হয়ে যাবে কি না, এ রকম একটা চিন্তাভাবনা কয়েক বছর ধরে নিজের মধ্যে কাজ করছিল। নাটকের পরে আসলে কি? আমাদের ক্যারিয়ারে তো প্রমোশন তো দরকার হয়। ওটিটি প্ল্যাটফর্মে মানুষ অর্থ খরচ করে কনটেন্ট দেখে, এই ‘পেইড অডিয়েন্স’-এর অভ্যাস তৈরির চ্যালেঞ্জটি নিতে চেয়েছিলাম।’
ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ২’ নামের সিরিজটি ঈদে আইস্ক্রিনে মুক্তি পাবে। প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার।
দুই বছর আগে মুক্তি পায় ‘চক্র’–এর প্রথম মৌসুম। ওয়েবসিরিজ হিসেবে মুক্তি পেলেও এটাকে টিভি সিরিয়াল হিসেবে বানানো হয়েছিল। তখনই ঘোষণা আসে দ্বিতীয় সিজন ওয়েব সিরিজ হিসেবে আসবে। তাই এবারই ওটিটির ‘আসল অভিষেক’ হচ্ছে। এরপর দুই বছরের অপেক্ষা। এর মাঝে তৌসিফের কাছে ওটিটির বেশকিছু বড় কাজের প্রস্তাব আসে। তবে অভিনেতার মনে হয়েছিল, গল্পগুলো তিনি আগেও নাটকে করেছেন। তাই ফিরিয়েছেন একাধিক প্রকল্প। 
তৌসিফ বলেন, ‘যে গল্পগুলো আমার কাছে এসেছিল, তখন মনে হয়েছে একই জিনিস নাটকে ১২ বছর ধরে করছি। একবারের জন্যও মনে হয়নি গল্প ও চরিত্রের ভিন্নতা আছে। কিন্তু চক্রের এ চরিত্রটার মতো কিছু আমি কখনো করিনি। প্রথম মৌসুম থেকে এবার চরিত্রের অনেক স্তর যুক্ত হয়েছে। পুরো বিষয়টা শোনার পর মনে হয়েছিল চরিত্রটি দিয়ে ওটিটির দর্শকেরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’
চক্রর প্রথম মৌসুমের মতোই দ্বিতীয়টিতেও তৌসিফকে ‘হুমায়ূন’ চরিত্রে দেখা যাবে। তবে এবার চরিত্রটির কয়েকটি ভিন্ন দিক বা রূপ সামনে আসবে। প্রথম সিজনের শূটিংয়ের পর চার বছরে নিজেকে আরও পরিণত করেছেন তৌসিফ। তার মতে, আগের হুমায়ূন আর এখনকার হুমায়ূনের মধ্যে পার্থক্য তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ। তৌসিফ বলেন, ‘গত তিন-চার বছরের মধ্যে অভিনয়ে যতটুকু উন্নতি করতে পেরেছি, তার পুরোটা ঢেলে দিয়েছি। শূটিং চলাকালীন অন্য কোনো কাজও করিনি। চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

প্যানেল হু

×