ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যৌথভাবে ‘ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’ প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় বাউবির উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাউবির রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইন এবং বিপসটের ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ, এসজিপি, এনডিইউ, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, এই সমঝোতা স্মারকের আওতায় বিপসটের তত্ত্বাবধানে পরিচালিত ‘ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সার্টিফিকেশন প্রদানের জন্য বাউবি প্রয়োজনীয় একাডেমিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বিপসট এবং সফল শিক্ষার্থীদের সনদ প্রদান করবে বাউবি।
উপাচার্য আরও বলেন, দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভবিষ্যতে বাউবি ও বিপসটের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং বিপসটের ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ বলেন, ২০০৮ সাল থেকে বিপসট আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ দিয়ে আসছে। বাউবি ও বিপসটের যৌথ উদ্যোগে আরবি ভাষার ডিপ্লোমা প্রোগ্রাম চালু হওয়াকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে শান্তিরক্ষীরা ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপসটের জ্যেষ্ঠ প্রশিক্ষক-২ কর্নেল মো. শাহারিয়ার মোর্শেদ, এএফডব্লিউসি, পিএসসি; বিপসটের কোর্স সমন্বয়কারী মো. আবুল হাসান, পিএসসি, এএসসি এবং বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেব, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্যাহ মাহামুদ, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন এবং তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।








