ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরে প্রশাসনের কড়া অভিযান

হোসাইন আহমদ হেলাল, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:০৯, ১১ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে প্রশাসনের কড়া অভিযান

ছবি: জনকণ্ঠ

জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি পৃথক অভিযানে মোট ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) দিনব্যাপী লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, কমলনগর উপজেলা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স এলএসবি ব্রিকস এবং পাখি ব্রিকস নামে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে ওই দুটি ইটভাটার চুল্লি ধ্বংস করে দেওয়া হয়।

অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ঔষধ ও কসমেটিক্স আইনে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাদক সংক্রান্ত অপরাধে এক ব্যক্তিকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শহীদ

×