ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

প্রকাশিত: ২১:২৬, ১১ মার্চ ২০২৬

আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের শীর্ষ ধনকুব মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রে একটি বড় তেল শোধনাগার প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে। প্রায় পাঁচ দশকের মধ্যে দেশটিতে এমন বড় ধরনের শোধনাগার বিনিয়োগের ঘোষণা এটাই প্রথম।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রস্তাবিত প্রকল্পটি প্রায় ৩০ হাজার কোটি ডলারের একটি ঐতিহাসিক চুক্তি হতে পারে। এ উদ্যোগের জন্য রিলায়েন্সকে ধন্যবাদও জানান তিনি।

ঘোষণা অনুযায়ী, নতুন শোধনাগারটি যুক্তরাষ্ট্রের ব্রাউনসভিল বন্দরে নির্মিত হবে। তবে প্রকল্পে রিলায়েন্সের নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রিলায়েন্স ইতোমধ্যে ভারতের জামনগর অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার পরিচালনা করছে। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ হাজার ৬০০ কোটি ডলার।

ট্রাম্প বলেন, নতুন শোধনাগারটি যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে, দেশীয় তেল পরিশোধন ক্ষমতা বাড়াবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি দাবি করেন, এটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শোধনাগারগুলোর একটি হবে।

প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যামেরিকা ফার্স্ট রিফাইনিং কাজ করছে। মূলত যুক্তরাষ্ট্রে উত্তোলিত হালকা শেল তেল পরিশোধনের জন্য এটি তৈরি হবে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন এই শোধনাগার নির্মাণের ঘোষণা এসেছে। বিশেষ করে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই শোধনাগারটির নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Mily

×