ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগার নির্মাণে আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

৫০ বছরের মধ্যে প্রথম

প্রকাশিত: ২২:৩৬, ১১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগার নির্মাণে আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

আম্বানির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের করা বিনিয়োগের অর্থে যুক্তরাষ্ট্র ৫০ বছরের মধ্যে প্রথম তেল শোধনাগার পেতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা ঐতিহাসিক ৩০ হাজার কোটি ডলারের চুক্তি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড়, বুধবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ চুক্তির খবর দেন ট্রাম্প। খবর সিএনবিসির।
পোস্টে ট্রাম্প এই অনন্যসাধারণ বিনিয়োগের জন্য ভারতের ব্যক্তি মালিকানাধীন সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদও দিয়েছেন। নতুন এই শোধনাগারটি হতে যাচ্ছে টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে।এই প্রকল্পে রিলায়েন্সের বিনিয়োগ কত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আম্বানির রিলায়েন্স ভারতের জামনগরে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগারের মালিক। কোম্পানিটির বাজারমূল্য ২০ হাজার ৬০০ কোটি ডলার বলে জানাচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য। নতুন এই শোধনাগারটি আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করবে, মার্কিন জ্বালানি উৎপাদন বাড়াবে, অর্থনীতিতে শতকোটি ডলারের প্রভাব ফেলবে এবং হবে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার, লিখেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে উত্তোলিত তেল পরিশোধনের লক্ষ্যেই এই শোধনাগার হচ্ছে, বানাচ্ছে আমেরিকা ফার্স্ট রিফাইনিং। এমন এক সময়ে এ তেল শোধনাগার নির্মাণের ঘোষণা এল যখন মধ্যপ্রাচ্যে তুমুল সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্ক বিরাজ করছে। ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরু থেকেই তেলের বাজার অস্থির হয়ে রয়েছে। সোমবার অপরিশোধিত তেলের দাম ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 
এরপর কমলেও বুধবার ফের তেলের দাম বাড়তে দেখা যায়। তেল শোধনাগার প্রসঙ্গে মন্তব্যের জন্য সিএনবিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আমেরিকা ফার্স্ট রিফাইনিংয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে সাড়া পায়নি। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে আমেরিকা ফার্স্ট রিফাইনিং এক বৈশ্বিক জায়ান্টের কাছ থেকে বড় অঙ্কের বিনিয়োগ পাওয়ার কথা জানিয়েছিল। তবে ওই বিনিয়োগকারী কারা সে বিষয়ে কিছু বলেনি তারা। ওই একই বৈশ্বিক জায়ান্ট যুক্তরাষ্ট্রে উৎপাদিত শেল তেল (শিলার ভেতর থেকে পাওয়া) ক্রয়, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণে ২০ বছরের একটি চুক্তিও করেছে, বলেছে তারা।

প্যানেল হু

×