ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অসুস্থতার কারণেই সরে দাঁড়ালেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে যা লিখলেন

প্রকাশিত: ০০:৩৭, ২৬ জুলাই ২০২৬

অসুস্থতার কারণেই সরে দাঁড়ালেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে যা লিখলেন

বিশেষ প্রতিনিধি:
শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা আর সম্ভব নয় উল্লেখ করে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
শুক্রবার (২৪ জুলাই) স্বাক্ষরিত পদত্যাগপত্রে তিনি জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে সংবিধানের প্রতি আনুগত্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হলে রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। পরবর্তীতে আপিল বিভাগের পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ওই সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে এবং নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।
তিনি দাবি করেন, রাষ্ট্রপতি হিসেবে তার দৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণেই দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।
স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে পদত্যাগপত্রে মো. শাহাবুদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটি স্নায়ুজনিত রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রের শেষাংশে তিনি উল্লেখ করেন, সার্বিক পরিস্থিতি ও নিজের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।

×