ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

প্রকাশিত: ১৮:২৭, ২৫ জুলাই ২০২৬

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

জনকণ্ঠ রিপোর্ট :
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়া, আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে মূল্যস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের দাম বেড়েছে।
শনিবার বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের নজর এখন ফেডারেল রিজার্ভের আগামী সপ্তাহের বৈঠকের দিকে। মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হলে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হতে পারে। তবে সুদের হার অপরিবর্তিত থাকলে স্বর্ণের বাজার আবারও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনাই মূলত স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে।
যদিও মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হওয়ায় এর চাহিদা কিছুটা কমে যায়।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে উঠেছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

×