ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অবশেষে সমাধানের পথে এগিয়েছে দৈনিক জনকণ্ঠের দেনা পাওনা সংকট

প্রকাশিত: ০০:৫৫, ২৭ জুলাই ২০২৬; আপডেট: ০১:৩৩, ২৭ জুলাই ২০২৬

অবশেষে সমাধানের পথে এগিয়েছে দৈনিক জনকণ্ঠের দেনা পাওনা সংকট

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে সমাধানের পথে এগিয়েছে দৈনিক জনকণ্ঠের দেনা পাওনা সংকট। মালিকপক্ষ বকেয়া পরিশোধে প্রস্তুত ছিল এবং প্রাপকেরাও তাদের ন্যায্য পাওনা গ্রহণে সম্মত ছিলেন। তবে একটি বিশেষ মহল, সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু স্বার্থান্বেষী আন্দোলনকারীর কারণে এই প্রক্রিয়ায় বারবার বাধা সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতিকে জটিল করে তোলার চেষ্টা করা হয়।

এসব প্রতিবন্ধকতা ও অপচেষ্টা উপেক্ষা করে অবশেষে আজ সংশ্লিষ্টরা মালিকপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছান এবং দীর্ঘদিনের আন্দোলনের ইতি টানেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণভাবে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ব্যানার হাতে তারা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি ও অবস্থান তুলে ধরেন।

রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা দীর্ঘদিনের দেনা পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান এবং শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যান।

অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে উল্লেখ করা হয়—
“আমরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে চাই না।
মালিকপক্ষ পাওনা মিটিয়ে দিতে ইচ্ছুক।
আমরা আমাদের ন্যায্য পাওনা বুঝে নিতে চাই।
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিক ও কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের দেনা পাওনা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল। তবে সম্প্রতি মালিকপক্ষ বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন। দ্রুত দেনা পাওনা পরিশোধের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধান হবে বলে তারা প্রত্যাশা করেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং সবার স্বার্থ রক্ষার লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছেন। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ইতিবাচক সমাধান প্রত্যাশা করেন তারা।

উল্লেখ্য, দেনা পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

×