ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ওডেসা বন্দরে ফের জাহাজে হামলা:নিখোঁজ দুই ভারতীয় নাবিক

প্রকাশিত: ১২:৪৫, ২৭ জুলাই ২০২৬

ওডেসা বন্দরে ফের জাহাজে হামলা:নিখোঁজ দুই ভারতীয় নাবিক

জনকণ্ঠ ডেস্ক :
ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার এমভি এজিএন রাগনার নামে একটি জাহাজে হামলার পর চার ভারতীয় নাবিকের মধ্যে দুজন নিখোঁজ হয়েছেন। অপর দুই ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। নিখোঁজদের উদ্ধারে জোর তল্লাশি চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, জাহাজে থাকা চার ভারতীয় নাবিকের মধ্যে দুজন নিরাপদে আছেন। নিখোঁজ অপর দুই নাবিকের বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়। কে বা কারা এ হামলা চালিয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।
কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের প্রধান বন্দর ওডেসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। সম্প্রতি ওডেসা বন্দর ত্যাগের সময় একটি পণ্যবাহী জাহাজে হামলায় কয়েকজন ভারতীয় নাবিক নিহত হন। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল নয়াদিল্লি।
সাম্প্রতিক এই হামলার পর কৃষ্ণসাগর হয়ে যাতায়াতকারী ভারতীয় নাবিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই জলপথে ভ্রমণ বা কাজ গ্রহণের আগে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সতর্কতা শুধু নাবিকদের জন্যই নয়; যারা কৃষ্ণসাগর অঞ্চলে জাহাজে চাকরি নেওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও একই পরামর্শ দিয়েছে ভারত সরকার। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান ও জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষকে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় অন্তত পাঁচজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ কারণে ওই অঞ্চলে কর্মরত বা কর্মসংস্থানের পরিকল্পনায় থাকা ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সরকার।

×