আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময়েও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ বুধবার সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।
এই দুই দিনে ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।
এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখাগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ দায়িত্বে থাকা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Jahan








