ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

হারানো দিনের গানে সাবিনা ইয়াসমিন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১২ মার্চ ২০২৬

হারানো দিনের গানে সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় এবং তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য। গানটি আজও জড়িয়ে আছে দেশের মানুষের অনুভূতিতে। দীর্ঘ ৪৪ বছর পর সেই গানটি আবার সিনেমার জন্য গাইলেন সাবিনা ইয়াসমিন। গানটির নতুন সংগীতায়োজনে স্থান পাচ্ছে ‘দম’ সিনেমায়।  
‘এই মন তোমাকে দিলাম’ গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। ‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। তাতে সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। 
১১ মার্চ দুপুরে রাজধানীতে একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। রেকর্ডিংয়ের ফাঁকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।
রেকর্ডিং শেষে তিনি ‘দম’  সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়েরও প্রশংসা করেন এবং সিনেমাটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এই শিল্পী।
সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ বাংলাদেশী গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি, যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ-বেদনা জড়িয়ে আছে। ‘দম’ সিনেমাটাও এমন! যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।

প্যানেল হু

×