জনকণ্ঠ রিপোর্ট :
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বৃহস্পতিবার দুর্দান্ত ওপেনিংয়ের পর শুক্রবার আয়ে কিছুটা ভাটা পড়লেও সপ্তাহান্তে আবারও ঘুরে দাঁড়িয়েছে ছবিটি। শনি ও রবিবার দর্শকদের ব্যাপক সাড়ায় দেশ-বিদেশে আয়ের গতি আরও বেড়েছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে ছবিটি প্রায় ২৮.৫০ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে আয় ছিল ৪২.৭০ কোটি টাকা, আর দ্বিতীয় দিনে ২১.১৫ কোটি টাকা। ফলে তিন দিনে ভারতের মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৪.৪৪ কোটি টাকা, আর গ্রস আয় পৌঁছেছে ৮৭.৫০ কোটি টাকায়।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘জন নায়গন’-এর বিশ্বব্যাপী মোট গ্রস আয় ইতোমধ্যে ১৭১.৮৪ কোটি টাকা ছাড়িয়েছে, যা ছবিটিকে বছরের অন্যতম সফল উদ্বোধনী চলচ্চিত্রের কাতারে নিয়ে গেছে।
রবিবার ছুটির দিনে ছবিটি দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তামিল ভাষার শোগুলোতে গড়ে ৬১.০৪ শতাংশ আসন পূর্ণ ছিল। সকালে উপস্থিতি ছিল ৪২.৯২ শতাংশ, সন্ধ্যায় তা বেড়ে ৬৭ শতাংশ এবং রাতের শোগুলোতে সর্বোচ্চ ৭৪.৯২ শতাংশ পর্যন্ত পৌঁছায়। প্রধান শহরগুলোর মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে। বেঙ্গালুরুতেও দর্শকদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
সর্বশেষ আপডেট অনুযায়ী, রবিবার রাত ১০টা পর্যন্ত ১২ হাজার ৮০টি শো থেকে ছবিটির আয় হয়েছে ৩১.৯৭ কোটি টাকা। তবে চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে এ অঙ্কে সামান্য পরিবর্তন হতে পারে।
ছবির পরিচালক এইচ. বিনোথ দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে বলেন, ‘বিজয় স্যারের কোনো ছবি মুক্তি পেলেই প্রথম সপ্তাহে নানা ধরনের আলোচনা হয়—কোনটি ভালো, কোনটি ভালো নয়। অনেকেই শুরুতে সমালোচনা করেন। কিন্তু ছয় মাস পর দেখা যায়, সেই ছবিই বাজারে সবচেয়ে বড় হিট হয়ে উঠেছে।’
থালাপতি বিজয়ের ক্যারিয়ারে ‘জন নায়গন’ একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, এটিই হতে পারে তাঁর অভিনয়জীবনের শেষ সিনেমা। সেই কারণেই মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে নতুন পথচলার ইঙ্গিত দিয়েছেন বিজয়। আর মুক্তির পর ‘জন নায়গন’-এর বক্স অফিস সাফল্য ও দর্শকদের ইতিবাচক সাড়া আবারও প্রমাণ করল—বড় পর্দায় থালাপতি বিজয়ের জনপ্রিয়তা এখনও অটুট।








