ক্লাবে নতুন কমিটি এসেছে। কিন্তু বাংলাদেশ ফুটবল লিগে জয়খরা কাটাতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তারা আটকে গেছে পুলিশের কাছে। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাদা-কালো শিবির।
ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের চাপে রাখে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা পুলিশ। তাদের সুসংগঠিত আক্রমণ বারবার মোহামেডানের রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিতে থাকে। টানা আক্রমণের পর ৩৯ মিনিটে গোলের দেখা পায় পুলিশ। ডানপ্রান্ত দিয়ে নাইজিরিয়ান ফরোয়ার্ড ওদো মোজেস তোচুকো ডি বক্সে ঢুকে পড়লে মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত তাকে পেছন থেকে ফাউল করেন। রেফারির বাঁশিতে পাওয়া পেনাল্টি থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় গোল করে পুলিশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সান্তোস ডি আজেভেদো (১-০)। তবে গোল হজম করে মোহামেডান ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি। মিনিট তিনেক পর বক্সের বাইরে থেকে দূরপাল্লার বুলেট গতির শটে বল সরাসরি জালে জড়ান উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ (১-১)। এই গোলে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে ঐতিহ্যবাহী ক্লাবটি। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য দু’দলই বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করে। কিন্তু আর কোনো গোল পায়নি দুই দলের কেউই। এই ড্রয়ে ১১ ম্যাচে ১১ পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চমে পুলিশ। ড্র করা ম্যাচে অবশ্য ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের মেহেদি হাসান মিঠু। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা পয়েন্ট টেবিলের তলনীতে আছি। আসলে ঐতিহ্যবাহী মোহামেডানের সঙ্গে এটা যায় না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আগের চেয়ে আমরা এই ম্যাচে ভালো খেলেছি। ক্লাবে নতুন কমিটি এসেছে। আশা করি করছি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
এদিকে দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। পুরান ঢাকার এই ক্লাবটি ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। প্রথমার্ধে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মের দারুণ এক ফিনিশিংয়ে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধেও সেই ছন্দ ধরে রেখে রফিকুল ইসলামের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। এরপর ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং দলের হয়ে তৃতীয় গোলটি করে রহমতগঞ্জের হয়ে এক দাপুটে জয় নিশ্চিত করেন। এই দারুণ জয়ের ফলে ১১ ম্যাচে পাঁচ জয়, তিন ড্র এবং তিন হারে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। অন্যদিকে লিগের এই পর্যায়ে এসে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়ে গেছে ফকিরেরপুল।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রহমতগঞ্জের গোলরক্ষক আহসান হাবিব বিপু। তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ! আমরা জয় পেয়েছি। এই ধারা ধরে রাখতে চাই। আমরা গতবারের চেয়ে আরও ভালো করতে আশাবাদী। আমাদের লক্ষ্য সেরা তিনের মধ্যে থাকা।’
প্যানেল / জোবায়ের








