ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফের শাকিব-সাবিলা জুটির সিনেমা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ১৩ মার্চ ২০২৬

ফের শাকিব-সাবিলা জুটির সিনেমা

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বড়পর্দায় তার সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর। নতুন সিনেমা ‘রকস্টার’-এ এই অভিনেত্রীর নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। এটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।
জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শূটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শূটিং অনুষ্ঠিত হবে।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সব ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।

প্যানেল / জোবায়ের

×