ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বেতন-বোনাসের দাবিতে ধামরাইয়ে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা

প্রকাশিত: ২০:৫১, ১৫ মার্চ ২০২৬

বেতন-বোনাসের দাবিতে ধামরাইয়ে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

ঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মইন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অবস্থিত কারখানার সামনে এ বিক্ষোভ করেন প্রায় শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, সকালে তারা নিয়মিত কাজে যোগ দেন। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

একজন নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমরা মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো পাওনা দেয়নি। এজন্য আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কারখানার পরিচালক ইমাম হোসেন বলেন, নিয়ম অনুযায়ী মাস শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ শ্রমিকদের পরিশোধ করা হয়েছে। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করছেন। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান হয়নি।

 

রাজু

×