ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সদরপুরে ভেজাল মধু তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ নুরুল ইসলাম, সদরপুর, ফরিদপুর 

প্রকাশিত: ২০:৪৩, ১৫ মার্চ ২০২৬

সদরপুরে ভেজাল মধু তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ভেজাল মধু তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুলাল শেখ নামে এক মধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া।

অভিযানকালে পূর্বকান্দি গ্রামে দুলাল শেখের বাড়িতে ভেজাল মধু তৈরির বিষয়টি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেখানে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। 

অভিযানের সময় মধু তৈরিতে  চিনি,গুড়,কাপড়ের রং,ক্যামিক্যাল  এবং সংরক্ষণ পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। একটি পাত্রের ভেতরে মৃত টিকটিকি পাওয়া যায় এবং অনেক পুরোনো মধু মজুত রাখা ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে দুলাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন।

উপজেলা কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া জানান, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

শহীদ

×