ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইরানের হামলায় বিস্মিত হয়ে যা বললেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৪৩, ১৫ মার্চ ২০২৬

ইরানের হামলায় বিস্মিত হয়ে যা বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে ইরানের হামলায় বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এসব দেশকে লক্ষ্য করে ইরান হামলা চালাবে— এমনটা তিনি আশা করেননি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের হামলা তাকে বিস্মিত করেছে। তিনি এসব দেশকে ‘দারুণ দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের ওপর অপ্রয়োজনীয়ভাবে হামলা চালানো হয়েছে।

ইরান কেন এসব দেশকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে— এ বিষয়ে ট্রাম্প বলেন, পুরো ঘটনার মধ্যে এটিই ছিল তার কাছে সবচেয়ে বড় বিস্ময়। বহু দশক ধরে বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপন, অবকাঠামো ব্যবহার বা প্রবেশাধিকার দিয়ে আসছে।

এসব দেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক প্রযুক্তির বড় ক্রেতা। এর ফলে উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার ও নিরাপত্তা সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলো নতুন ধরনের উদ্বেগের মুখে পড়েছে। কারণ তারা এমন এক সংঘাতের মধ্যে আরও জড়িয়ে পড়ছে, যা তারা নিজেরা শুরু করেনি এবং কূটনৈতিকভাবে এড়িয়ে চলার চেষ্টা করেছিল।

এর আগে উপসাগরীয় দেশগুলো তেহরানকে আশ্বস্ত করেছিল যে তাদের ভূখণ্ডে থাকা ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হবে না। তবু ইরান এসব দেশকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় বিমানবন্দর, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, বন্দর, হোটেল এবং বিভিন্ন অফিস ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এ.এইচ

×