রাজবাড়ীতে আলুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সজীব হোসেন (২৩) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার ভোর প্রায় ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন মারা যান।
নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নোভা








