ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার লটারির পদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিলের আভাস দিয়েছেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। আগামী ২০২৭-এর জানুয়ারি ভর্তির বিষয়ে নতুন চিন্তা করবো।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছর এই শিক্ষাব্যবস্থায় ভর্তি সিস্টেম কীভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেকহোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে, বিভিন্ন রকম সেমিনার-সিম্পোজিয়াম করে সংসদ সদস্য সবার অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭-এর জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব।
ভর্তির প্রক্রিয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আশা করি এই সংসদে এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। মূলত আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি-প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। তবে শহরে ভর্তি সংক্রান্ত সমস্যা হচ্ছে।
সানজানা








