ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ মার্চ ২০২৬

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে কয়েকটি দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরান–ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় কিছু দেশ বিকল্প ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের ক্ষেত্রে তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে অনলাইন আবেদনও করা যাবে।

অন্যদিকে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত এক মাস মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সংশ্লিষ্ট প্রবাসী কর্মীরা সাময়িকভাবে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের সুবিধা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ.এইচ

×