ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ মাসুদ রানা,কালীগঞ্জ, ঝিনাইদহ

প্রকাশিত: ১৩:১১, ১৫ মার্চ ২০২৬

পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এই অঞ্চল দিয়ে একটি বড় মাদক চালান পাচারের চেষ্টা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ভর্তি বোতলগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করে চোরাকারবারীরা। এসব মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ার আগেই তা প্রতিরোধে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৩২৪ বোতল ফেন্সিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাঝে মধ্যেই এ অঞ্চলে মাদক পাচারের চেষ্টা চালায় একটি চক্র। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে এসব চক্রের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
 

নোভা

×