ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মধ্যনগরে আকস্মিক শিলাবৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

সানোয়ার হোসেন, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশিত: ০১:২৩, ১৬ মার্চ ২০২৬

মধ্যনগরে আকস্মিক শিলাবৃষ্টি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ছবি: জনকণ্ঠ

আকস্মিক তীব্র শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা- এর চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রায় ১ থেকে দেড় কেজি ওজনের বড় বড় শিলাখণ্ড পড়ে বহু টিনের ঘরবাড়ির চাল জালের মতো ছিদ্র হয়ে গেছে। এতে করে নিম্নআয়ের অসংখ্য পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মিনিটের এই তীব্র শিলাবৃষ্টিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির শিলাখণ্ডের আঘাতে টিনের ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়ে অসংখ্য ছিদ্র হয়ে যায়। ফলে অনেক ঘরেই এখন বৃষ্টির পানি ঢুকছে এবং অনেক পরিবার ঘরে বসবাসের অনুপযোগী পরিস্থিতির মধ্যে পড়েছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, এ ধরনের বড় আকারের শিলাবৃষ্টি তারা আগে কখনও দেখেননি। শিলার আঘাতে তাদের ঘরের টিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে বর্তমানে অনেক পরিবার চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে এবং দ্রুত সহায়তার প্রয়োজন রয়েছে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিগগিরই প্রয়োজনীয় সহায়তা পাবে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা সম্ভব হবে।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ইতোমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করে জেলায় পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী প্রয়োজনীয় টিন ও অন্যান্য সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ

×