ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ মার্চ ২০২৬

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। প্রকাশ্যে তাকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রাত ১০টার দিকে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর তাকে ছুরিকাঘাতও করা হয়। ঘটনার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে সিহাব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করলে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি খুলনায় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে দেয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Mily

×