ছবি: জনকণ্ঠ
গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়া। সাংবাদিকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা তার পেশাগত যাত্রাকে মাঠ প্রশাসনে ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গাজীপুরসহ দেশের পাঁচটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা জেলাতেও নতুন ডিসি নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নুরুল করিম ভূঁইয়া বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে কর্মরত। কর্মজীবনের শুরুতে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি (২০০৩–২০০৪) ছিলেন এবং বর্তমানে সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশাসনিক দায়িত্বে তিনি ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এবং তাঁদের দুই সন্তান রয়েছে।
সাংবাদিকতা ও প্রশাসনের অভিজ্ঞতার এই সমন্বয় গাজীপুর জেলার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।
শহীদ








