ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

র‍্যাবের অভিযানে পকেটমার আটক  

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:২০, ১৬ মার্চ ২০২৬

র‍্যাবের অভিযানে পকেটমার আটক  

ছবি: জনকণ্ঠ

ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের কবলে পড়ে   এক ব্যক্তির টাকা উদ্ধার করেছে র‍্যাব ১৩। এ ঘটনায় এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় র‍্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ১১ মার্চ তারিখে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার বোদা বাজারে ঈদের কেনাকাটা করতে যান ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৫০)। তিনি জামাকাপড় দেখার সময় পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা কৌশলে চুরি করে নেয় পকেটমার চক্রের এক সদস্য। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি হতবাক হয়ে পড়েন এবং ঘটনাটি দ্রুত এলাকায় আলোচনার সৃষ্টি করে।

ঘটনার পর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল  আজ রবিবার (১৫ মার্চ)  ভোর ৩টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. আনোয়ার হোসেন (৪০), পিতা—মৃত হিমায়েত আলী, সাং—চিটাগুড়ি, দেবীগঞ্জ পৌরসভা, জেলা—পঞ্চগড়-কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৭,৫০০ (সাত হাজার পাঁচশ) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে ভিড়ের সুযোগ নিয়ে মানুষের পকেট থেকে টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল। মানুষ যখন দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকে, তখন সে কৌশলে পকেট থেকে টাকা বা মোবাইল ফোন সরিয়ে নিত।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী বলেন, “আমি আমার টাকা ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। র‍্যাবকে ধন্যবাদ জানাই।”
র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

শহীদ

×