ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

হামজা-সামিতদের নিয়ে প্রাথমিক দল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ মার্চ ২০২৬

হামজা-সামিতদের নিয়ে প্রাথমিক দল

ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার ঘোষিত দলে ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দই একমাত্র নতুন মুখ। আগামী ২৬ মার্চ ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে লাল-সবুজের দেশ।  
ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আজ ঢাকার একটি হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ক্যাম্পে কয়েকদিনের অনুশীলনের পরই ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাফুফে। গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ জ্যাভিয়ের ক্যাবরেরা। নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল এবং ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি। তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহমিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন। গোলকিপার মিতুল মারমার সাম্প্রতিক পারফরম্যান্সের পর অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি।
প্রাথমিক স্কোয়াড ॥ গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও ইসহাক আকন্দ, ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল, মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হ‍ৃদয় সামিত সোম, ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

প্যানেল / জোবায়ের

×