পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পর আবারও শতরানের উদ্বোধনী জুটি গড়েছে বাংলাদেশ। রবিবার মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই কীর্তি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।
এর আগে ২০১৫ সালে একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৪৫ রান তুলেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর দুই দলের মধ্যে ছয়টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের কোনো ওপেনিং জুটি শতরান স্পর্শ করতে পারেনি।
এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন তানজিদ তামিম ও সাইফ হাসান। শুরু থেকেই তারা পাকিস্তানি বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন এবং দলের জন্য বড় ভিত্তি গড়ে দেন। উদ্বোধনী জুটিতে তারা শতরান পার করেন, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।
তবে জুটি বড় করতে পারেননি সাইফ হাসান। ব্যক্তিগত ৩৬ রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং করে ফিফটি পূর্ণ করেন এবং ইনিংসকে এগিয়ে নিয়ে যান।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৪৭ রান। তানজিদ তামিম ৭৬ রানে অপরাজিত থেকে ইনিংস পরিচালনা করছেন।
Mily








