ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ফয়সালার ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:৫৭, ১৪ মার্চ ২০২৬

ফয়সালার ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ সামনে রেখে শান্তকে পরামর্শ দিচ্ছেন সিনিয়র সরকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট আর ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারতের ভূরাজনীতির দাপটে টি২০ বিশ্বকাপ বঞ্চিত টাইগারদের পাশে ছিল পাকিস্তান। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামার মাঝেও সময়মতো দ্বিপক্ষীয় সফরে ঢাকা এসেছে দেশটি। কিন্তু তিন ওয়ানডের দুটি শেষে মাঠ ও মাঠের বাইরে বদলে গেছে দৃশ্যপট! একে তো সিরিজটা এখন ১-১এ চলমান। তার ওপর দ্বিতীয় ম্যাচে নিয়মের মধ্যে থাকলেও ক্রিকেটীয় স্পিরিটের বিপরীতে গিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রতিপক্ষ ব্যাটার সালমান আলি আগাকে রান আউট করায় পরিস্থিতি হয়ে উঠেছে ভীষণ উক্তপ্ত।

চারদিকে বইছে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার ঝড়। হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলায় ফয়সালার পথে আজকের ‘অলিখিত ফাইনাল’ ঘিরে বইছে বাড়তি উত্তাপ। যেখানে দ্বিতীয় ম্যাচের ভুলত্রুটি শুধরে সিরিজ জিততে মরিয়া টাইগাররা। অন্যদিকে দুর্দান্ত প্রতাপে ঘুড়ে দাঁড়ানো সাফল্যের সে ধারা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান। খেলা শুরু দুপুর সোয়া দুইটায়। 
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। জয়ের নায়ক পেসার নাহিদ রানা ৭ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারীরা। পাকিস্তানের লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার মাজ সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২৭৫ রানের লক্ষ্য স্পর্শ করতে নেমে ৬ দশমিক ৩ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন টার্গেট পায় টাইগাররা।

নতুন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ।  বৃষ্টি আইনে ১২৮ রানে ম্যাচ হারেন মিরাজ-লিটনরা। দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে আজ ভালো করতে চান মিরাজ,‘আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি। যা আমরা প্রথম ম্যাচে করেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুব বেশি রান পায়নি।’ সিরিজ জিততে হলে ব্যাট-বল হাতে আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক,‘ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’ অঘোষিত ফাইনালেও দ্বিতীয় ওয়ানডের দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান।  চলতি সিরিজের আগে ৭৯টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ২-১ ব্যবধানে ফল এসেছে ২৫টি ভিন্ন সিরিজে।
যেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছে ১২টি সিরিজ, আর ১-২ ব্যবধানে হেরে গেছে বাকি ১৩ সিরিজে। এই ২৫ সিরিজের মধ্যে প্রথম দুই ম্যাচ শেষে ১-১ হয়েছে ১৬ সিরিজে। যেখানে ৮টি সিরিজে জয়ী দলের নাম বাংলাদেশ। বাকি ৮ সিরিজে জিতেছে প্রতিপক্ষ দল। ১-১ থেকে ২-১ ব্যবধানে সিরিজ জেতা ৮ ঘটনার মধ্যে ৬টিতে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয়টি হেরে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে সিরিজের ট্রফি উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার তেমন আরেক চ্যালেঞ্জের সামনে তারা।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টিবিঘিœত লড়াইয়ে বাংলাদেশও অলআউট হয়েছে ঠিক ১১৪ রান। শেষ ম্যাচে তাই প্রথম ওয়ানডের পুনরাবৃত্তিই চাইবে স্বাগতিকরা। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত তা হতে দেয়নি বাংলাদেশ। ২০২৪ সালে শ্রীলঙ্কা বা ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দ্বিতীয় ওয়ানডে হারলেও, সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছিল তারা। এবার ২০২৬ সালে পাকিস্তানের বিপক্ষেও সেটি করতে পারলে র‌্যাঙ্কিংয়ে সুখবর পাবে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে যাবে তারা। আর শেষ ম্যাচ হারলে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থেকে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে নেওয়ার পরও সিরিজ হারের নজিরও আছে বাংলাদেশের ক্রিকেটে। ২০০৮ সালে নিউজিল্যান্ড ও ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০তে লিড নেওয়ার পর বাকি দুই ম্যাচ হেরে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। 
তবে নিশ্চিতভাবেই নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ে নয়, বরং ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সিরিজের পুনরাবৃত্তির খোঁজেই থাকবে টাইগাররা। সম্প্রতি ওয়ানডেতে বাজে সময় পার করা বাংলাদশেকে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে আগামী বছর মার্চের মধ্যে র‌্যাঙ্কিংয়ে দশ থেকে আট নম্বরে উঠে আসতে হবে। আজ সিরিজ জিতলেই উঠে আসবে নয় নম্বরে।

প্যানেল হু

×