বলিউডের আলোচিত অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। বর্তমানে ৬৬ বছর বয়সী এ অভিনেত্রীকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। আর তা হলো তিনি নাকি ‘মা হতে চলেছেন’।
সম্প্রতি রাশমিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে সাদা সিল্কের শাড়ি পরে উপস্থিত ছিলেন নীনা। সেই শাড়ির ভাজেই স্পষ্ট হয়ে উঠে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ । এতে নেটিজেনদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, ৬৬ বছর বয়সে তিনি মা হতে চলেছেন।
তবে এ ব্যাপারটি যে নিতান্তই গুজব তা এবার নিজেই বললেন অভিনেত্রী। সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। আসলে ওই অনুষ্ঠানে যে শাড়িটি পরেছিলাম, তার কাপড়ের ধরন এমন ভারি ছিল যে পেটের অংশটা ফোলা দেখাচ্ছিল।’
এরপর রসিকতার সুরে যোগ করে বলেন, ‘তবে এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা আমাকে ভালো লাগছে। বুঝা যায়, সমাজ কিছুটা হলেও এগোচ্ছে।’
তবে ব্যক্তিগত জীবনে এমন গুঞ্জন ও সমালোচনা নীনার কাছে নতুন নয়। একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও কম বিতর্ক হয়নি। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় তাদের মেয়ে মাসাবা। সেই সময় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিলো বলিপাড়ায়।
সানজানা








