পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ৩৩৬১ জন অসহায় ও হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মারুফ হাসান। এ সময় তিনি বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং সুষ্ঠুভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষ যেন এই সহায়তা পায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা মানুষের হাতে তুলে দিতে।”
চালের পরিমাপ সম্পর্কে তিনি আরও বলেন, “প্রত্যেক সুবিধাভোগীকে নির্ধারিত ১০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী বিতরণ করা হচ্ছে।”
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেকাব আলী, ইউপি সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে সরকারের এই সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
নোভা








