ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার ঘটনায় মো. সোহেল রানা (৩৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। হত্যার সাথে সরাসরি জড়িত থাকার পরও তিনি ফ্যাক্টরিতে অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে। সে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানা অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
রবিবার (১৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার রাত ৮ টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম গ্রহণ করে পুলিশ। প্রাথমিক তদন্ত ও অন্যান্য আসামিদের জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন সোহেল রানা দিপু চন্দ্র দাসকে ফ্যাক্টরির ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় সরাসরি মারধরে অংশ নেয়। সে ফ্যাক্টরির ভিতরে কর্মীদের উস্কানিমূলক স্লোগান দিয়ে উত্তেজিত করে তোলে এবং দিপু দাসের মরদেহের ওপর নির্যাতনে সক্রিয় ভূমিকা পালন করে। উপস্থিত জনতাকে সহিংসতায় উৎসাহিত করার পেছনেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ মো. আল মামুন বলেন, সোহেল রানা পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় এখনো অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। সে হত্যার সাথে সরাসরি জড়িত। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এই মামলায় গ্রেপ্তার ৩ আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিল। এ নিয়ে দিপু চন্দ্র দাস হত্যা মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।
ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত বছরের ১৮ ডিসেম্বর সন্ধ্যার পর ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।
নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানীতে কাজ করছিলেন।
রাজু








