ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১৮:০৩, ১৫ মার্চ ২০২৬

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সুযোগ থাকলে মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগ করা উচিত।

রোববার প্রকাশিত এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দূতাবাস থেকে জারি করা জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে—বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার চেষ্টা করতে নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের তথ্যমতে, সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলো এখনো চালু রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। তবে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আকাশসীমায় মাঝে মাঝে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে সতর্ক করা হয়েছে।

এ কারণে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে ফ্লাইটের সময়সূচি, বিলম্ব বা বাতিল সংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

অন্যদিকে যেসব মার্কিন নাগরিক আপাতত সৌদি আরবেই থাকবেন, তাদের বাড়িতে বা নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয়ের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার কথাও বলা হয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Mily

×